চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের এক সাবেক উপ-পরিদর্শকের (এসআই) বাড়ি থেকে ৬ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য ও তার আটককৃত ভাইসহ দুই ছেলেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন এক বীর মুক্তিযোদ্ধা।
রোববার (৪ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন-এসআরবির বিরুদ্ধে দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন। লিখিত বক্তব্যে বলেন, গত ২৯ সেপ্টেম্বর আমার বাড়ির সামনের আমবাগানে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করে এসআরবি-৫।
এসময় আমার ছোট ছেলে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় মেজো ছেলে ও পুলিশের সাবেক সদস্য আল মামুনকেও পলাতন আসামি করা হয়। বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আরও বলেন, ঘটনার সময় আল মামুন রাজশাহীতে তার শ্বশুরবাড়িতে ছিলেন। আমার দুই ছেলে কিংবা পরিবারের কেউ মাদকের সঙ্গে জড়িত নন। সোর্সের ষড়যন্ত্রে তাদের মাদক মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মফিজ উদ্দীন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি দুই ছেলেকে হয়রানি থেকে রক্ষার দাবি জানান। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীনের স্ত্রী শেফালী বেগম, মেয়ে রিনা খাতুন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশীদ সনুসহ পরিবারের সদস্য ও ২০-২৫ বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন (এসআরবি)-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে জানানো হয়, সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক অভিযান পরিচালনা করা হয়েছে।
এবিষয়ে কোন বক্তব্য নেয় এসআরবি-৫ এর। কারন বিষয়টি এখন আদালতের এখতিয়ারভুক্ত। প্রসঙ্গত, হেরোইন উদ্বারের মামলায় পলাতক রয়েছেন পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) আল মামুন। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার চকবাজার থানায় একটি হত্যা মামলা চলমান রয়েছে বলে জানায় এসআরবি।






















