ময়মনসিংহের নান্দাইলে ৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। রোববার (৪ অক্টোবর) বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবু সাইদ পলাতক রয়েছেন বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
শনিবার (৩ অক্টোবর) নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চণ্ডীপাশা গোরস্থান সংলগ্ন বাইতুস রাসূল (সা.) মাদ্রাসার হেফজখানায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি ওই মাদ্রাসার হেফজখানার নিয়মিত ছাত্র। সে উপজেলার রাজগাতী ইউনিয়নের পূর্ব দরিল্লা বিলপাড় গ্রামের বাসিন্দার ছেলে। অভিযুক্ত আবু সাইদ ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শিশুটির বাবা জানান, শনিবার রাতে তিনি নান্দাইল বাজারে এসে ছেলেকে দেখতে মাদ্রাসায় যান। সেখানে শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। পরে রাতে শিশুটির পায়ুপথে রক্তপাত শুরু হলে সে তার মায়ের কাছে শিক্ষকের নির্যাতনের কথা জানায়। শিশুটির অভিযোগ, শিক্ষক আবু সাইদ তাকে বাথরুমে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে শিশুটি পরিবারের কাছে জানায়।
এর আগেও ওই শিক্ষক তাকে মারধর করেছিলেন বলে অভিযোগ করেছে শিশুটি। ভুক্তভোগীর বাবা বলেন, আজ আমার ছেলের সঙ্গে এই জঘন্য ঘটনা ঘটেছে, কাল অন্য কারও সন্তানের সঙ্গেও হতে পারে। আমি অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে মাদ্রাসার পরিচালক আনোয়ার হোসেন বিল্লালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি জানার পর উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।
নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























