দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত কক্সবাজারের উখিয়া উপজেলায় সমুদ্রের কোল ঘেঁষে ইনানী জাতীয় উদ্যান অবস্থিত। এর মোট আয়তন ২ হাজার ৯৩৪ হেক্টর। এটি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন একটি বিশেষ সংরক্ষিত এলাকা। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে একে জাতীয় উদ্যান হিসেবে সুরক্ষার ব্যবস্থা করা হয়। অনন্য বৈশিষ্ট্যসম্পন্ন ক্রান্তীয় চিরহরিৎ প্রাকৃতিক বন, দৃষ্টিনন্দন জলপ্রপাত ও রূপময় প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং ইকো-ট্যুরিজম উন্নয়নের মূল লক্ষ্য নিয়ে এটি প্রতিষ্ঠিত।
বর্তমানে এই উদ্যানে প্রায় ২০০ প্রজাতির উদ্ভিদসহ ১৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৬৫ প্রজাতির পাখি, ৬ প্রজাতির উভচর এবং ১৫ প্রজাতির সরীসৃপের বাস। অনিয়ন্ত্রিত মানব হস্তক্ষেপ, সুশাসন এবং বনের ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপে চরম পরিবেশগত সংকটে পড়েছে উপকূলীয় এই বনাঞ্চল। এক সময়ের সমৃদ্ধ চিরহরিৎ প্রাকৃতিক বনটি ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে কেবল তৈরিকৃত বনের সঙ্গে বিক্ষিপ্ত কিছু প্রাকৃতিক বনে এসে ঠেকেছে।
এলাকাটিকে প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষিত ঘোষণা করা সত্ত্বেও বাস্তবে আইনি সুরক্ষার প্রয়োগ কাগজে-কলমে সীমাবদ্ধ রয়েছে। ফলে অনিয়ন্ত্রিতভাবে কাঠ কাটা, অবৈধ ভূমি দখল এবং বনজ সম্পদ উত্তোলনের মতো ঘটনা নিয়মিত ঘটছে, যা বনাঞ্চলটির নিজস্ব গঠন ও পরিবেশগত ভারসাম্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ‘ট্রিজ, ফরেস্টস অ্যান্ড পিপল’-এ ‘রেজেনারেশন পটেনশিয়ালস অব ট্রি স্পিসিজ ইন আ ডিগ্রেডেড প্রোটেক্টেড এরিয়া অন দ্য সাউথইস্টার্ন কোস্ট অব বাংলাদেশ’ শিরোনামে গবেষণাপত্রে ইনানী উদ্যান নিয়ে এসব তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা যায়, আন্তর্জাতিক পরিবেশগত লক্ষ্যমাত্রা অর্জনে এই বনাঞ্চলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৫: স্থলে জীবন) এবং আন্তর্জাতিক জীববৈচিত্র্য সনদের (সিবিডি) শর্ত পূরণে ইনানী বনাঞ্চলের সুরক্ষা প্রদান অপরিহার্য। এ ছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, বাস্তুতন্ত্র সুরক্ষা এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাকে দুর্যোগ থেকে রক্ষায় এই জাতীয় উদ্যানটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে।
এই গবেষণার প্রধান গবেষক ছিলেন জার্মানির ড্রেসডেন টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রপিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ফরেস্ট্রি বিভাগের গবেষক এবং বাংলাদেশ বন বিভাগের কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস। তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দীন যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেন।
এ ছাড়া আরও বেশ কয়েকজন গবেষক এর সঙ্গে জড়িত ছিলেন। গবেষক দলের প্রধান লক্ষ্য ছিল সংরক্ষিত বনাঞ্চল ব্যবস্থাপনার বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে স্থানীয় বাস্তবতার ব্যবধান চিহ্নিত করা। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক চালিকাশক্তির প্রভাব গাণিতিকভাবে বিশ্লেষণ করা। গবেষণাটি মূলত কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় বিস্তৃত ২ হাজার ৯৩৪ হেক্টরের ইনানী জাতীয় উদ্যান এবং এর সংলগ্ন স্থানীয় অনুন্নত জনবসতি এলাকাগুলোতে পরিচালিত হয়।
উদ্যানের সামগ্রিক বাস্তুতন্ত্রের অবক্ষয় এবং এর পেছনের সুনির্দিষ্ট কারণগুলো চিহ্নিত করতে গবেষকরা দীর্ঘ সময় মাঠপর্যায়ে অবস্থান করে তথ্য সংগ্রহ করেন। তারা সংরক্ষিত বনাঞ্চলের আশপাশের স্থানীয় বাসিন্দাদের সাক্ষাৎকার গ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় কমিউনিটি টহল দলের (সিপিজি) কাজের পরিবেশ, কাঠামোগত চ্যালেঞ্জ পর্যালোচনা এবং স্থানীয় বন কর্মকর্তা ও পরিবেশবিদদের কাঠামোগত সাক্ষাৎকারের মাধ্যমে উপাত্ত নিশ্চিত করা হয়।
২ হাজার ৯৩৪ হেক্টরের এই সুরক্ষিত জাতীয় উদ্যানটিতে দুই শতাধিক উদ্ভিদের প্রজাতি এবং বিরল বন্যপ্রাণী থাকলেও বনের ভেতরের বাস্তুতন্ত্র মারাত্মক হুমকিতে পড়েছে। প্রাকৃতিক বনের দেশি (নিজস্ব) গাছপালা কমে গিয়ে আকাশমণির মতো আক্রমণাত্মক বিদেশি প্রজাতি ও সুপারিসদৃশ গাছের প্রভাব বাড়ছে, যা বনের নিজস্ব ভারসাম্য ধ্বংস করছে। ইতিমধ্যেই মানবিক চাপ ও অবৈধ দখলের কারণে প্রায় ২ হাজর ৫০০ হেক্টর বন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইনানী পার্কের ওপর সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে ২০১৭ সালের পর উদ্যানসংলগ্ন এলাকায় রোহিঙ্গা শরণার্থী শিবির স্থাপন এবং এর ফলে সৃষ্ট চাপকে। এ ছাড়া সংলগ্ন এলাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে বনের ওপর মানুষের প্রত্যক্ষ চাপ যেমন- জ্বালানি কাঠ সংগ্রহ, বাসস্থান তৈরি এবং জমির অতিরিক্ত ব্যবহারের মাত্রা বেড়ে গেছে। বন ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্বলতা একটি বড় ঝুঁকি হিসেবে কাজ করছে।
৫৪.৬ শতাংশের বেশি স্থানীয়দের মতে, বাংলাদেশ বন বিভাগে (বিএফডি) মাঠ পর্যায়ে কাজের জন্য পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম, যানবাহন, ড্রোন প্রযুক্তি ও অবকাঠামোর তীব্র ঘাটতি রয়েছে, যা প্রায় ৪২ শতাংশ প্রাতিষ্ঠানিক সংকট হিসেবে চিহ্নিত। এ ছাড়া গবেষণায় প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি এবং বনের আইন প্রয়োগে দুর্বল সমর্থনের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।
অন্যদিকে বিভিন্ন সরকারি ও প্রশাসনিক সংস্থার মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের তীব্র অভাব রয়েছে। এই সমন্বয়হীনতার কারণে অনেক সময় অপরাধ দমন বা টেকসই পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও জটিলতা তৈরি হয়। ইনানী উদ্যানসংলগ্ন ইনানী গ্রামের বাসিন্দা জালাল আহমেদ (৪৫) বলেন, ‘কৃষিকাজ বা অন্য কোনো আয়ের উপায় আঁরার নাই।
’ অন্যদিকে বন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি টহল দলের (সিপিজি) সদস্য মো. ফারুক হোসেন (৩৮) নিজেদের ঝুঁকির কথা তুলে ধরে বলেন, ‘উপযুক্ত নিরাপত্তা, পর্যাপ্ত মাসিক টাকা (ভাতা) আর আইনি সুরক্ষার অভাবে অস্ত্রধারী কাঠপাচারকারী ও জায়গা দখলদারগো প্রতিরোধ করতে পারছি না। ’ গবেষক বিপুল কৃষ্ণ দাসের মতে, বনাঞ্চল সুরক্ষার জন্য শুধু আইনগতভাবে বা কাগজ-কলমে কোনো এলাকাকে ‘সংরক্ষিত’ বা ‘জাতীয় উদ্যান’ ঘোষণা করাই যথেষ্ট নয়।
মাঠপর্যায়ে কার্যকর সংরক্ষণ নিশ্চিত করতে হলে আইন প্রয়োগের সুনির্দিষ্ট পরিকাঠামো গঠনের পাশাপাশি পর্যাপ্ত লজিস্টিক সহায়তা, জনবল বৃদ্ধি এবং নীতিগত নমনীয়তা অত্যন্ত জরুরি। সহগবেষক অধ্যাপক ড. মোহাম্মদ জসিমউদ্দিন জানান, স্থানীয় জনগোষ্ঠীকে বাদ দিয়ে এবং তাদের জীবিকা ও অর্থনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করে কোনো সংরক্ষণ পরিকল্পনা বা সহব্যবস্থাপনা কখনোই দীর্ঘমেয়াদে সফল হতে পারে না।
তাই বনাঞ্চল রক্ষায় নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা এবং স্থানীয় অংশীদারদের অংশগ্রহণকে সবার আগে প্রাধান্য দিতে হবে। পরিবেশ বিশ্লেষকরা বলছেন, মানবিক জরুরি পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদি পরিবেশ সুরক্ষা— এই দুটিকে আলাদা করে দেখার সুযোগ নেই। সঠিক পরিকল্পনা ছাড়া পরিবেশগত বিপর্যয় তৈরি হলে তা শেষ পর্যন্ত স্থানীয় সমাজ ও বাস্তুচ্যুত জনগোষ্ঠী উভয়কেই দীর্ঘমেয়াদি ঝুঁকির মুখে ফেলে দেবে।
ইনানী জাতীয় উদ্যানের পরিবেশগত ক্ষয়ক্ষতি থামিয়ে দীর্ঘমেয়াদি সংরক্ষণের উদ্দেশ্যে গবেষণাপত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। বন বিভাগের কার্যকর বাজেট বৃদ্ধি করা, নজরদারির আধুনিকায়ন নিশ্চিত করা এবং শূন্য পদে দ্রুত প্রশিক্ষিত জনবল নিয়োগ দেওয়া ৩৫ শতাংশ প্রাতিষ্ঠানিক সমাধানের অংশ। একই সঙ্গে বননির্ভর স্থানীয় অধিবাসীদের বনের বাইরে বিকল্প আয়ের উৎস তৈরি করে দেওয়া ২৩ শতাংশ সমাধান নিশ্চিত করবে, যার মধ্যে রয়েছে কমিউনিটি ইকো-ট্যুরিজম, হস্তশিল্প ও বিকল্প কৃষিব্যবস্থা।
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্থানীয় জনগণ ও কমিউনিটি টহল দলকে সরাসরি অন্তর্ভুক্ত করে সহব্যবস্থাপনা শক্তিশালী করা এবং সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে যৌথ নজরদারি জোরদার করার মাধ্যমে এই ঐতিহ্যবাহী বনাঞ্চল রক্ষা করা সম্ভব।






















