চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় সরকারি স্থাপনা ও সড়ক নির্মাণকাজের অগ্রগতি ঘুরে দেখার পাশাপাশি আলীনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে জঙ্গল সলিমপুর এলাকায় পৌঁছে জেলা প্রশাসক চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজের মান বজায় রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনের একপর্যায়ে জেলা প্রশাসক আলীনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পরে জেলা প্রশাসক জঙ্গল সলিমপুর এলাকায় স্থাপিত যৌথ বাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






















