দিনাজপুরের বিরামপুরে ২৬টি ফুটবল দলের অংশগ্রহণে ‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিরামপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার ২৩টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ২৬টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। চার উপজেলার বিএনপির আয়োজনে এবং মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিরামপুর উপজেলা মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম। এ সময় বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খেলাধুলা একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের অন্যতম মাধ্যম।
তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। যুবসমাজকে খেলাধুলার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করারও একটি উদ্যোগ।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে ক্রীড়া কার্যক্রমের বিকল্প নেই। এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করবে। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখে।
উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। খেলা ঘিরে খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী, দর্শক ও স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।






















