সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি। আগামী ১৮ অক্টোবর থেকে এ ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, সরকারি-বেসরকারি কলেজে সবচেয়ে বেশি ছুটি রয়েছে।
সাপ্তাহিক ছুটিসহ অক্টোবরে মোট ২০ দিন অবকাশ থাকবে। এর মধ্যে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধের দিন যুক্ত হওয়ায় কলেজে টানা ১৬ দিন বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম। এ ছাড়া অক্টোবরে আরও চার দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে সরকারি ও বেসরকারি কলেজে অক্টোবরে ১০ দিন ক্লাস চলবে।
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হবে। ফলে মোট টানা ছুটি থাকবে ১০ দিন। এ ছাড়া আরো সাপ্তাহিক ছুটি থাকবে। সব মিলিয়ে অক্টোবরে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৫ দিন ক্লাস চলবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও অনুরূপ ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।
এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হবে। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও মোট ১০ দিন ছুটি থাকবে। দেশের সরকারি ও বেসরকারি মাদ্রাসাগুলোতেও ছুটি থাকবে। মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ছুটির মেয়াদ বাড়বে ৫ দিনে।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হবে। ফলে টানা ছুটি হবে ১০ দিন। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই নিয়ে থাকে। তাই দুর্গাপূজা উপলক্ষে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি থাকলেও কোন বিশ্ববিদ্যালয় কতদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হয়।
এবছর দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এবারের দুর্গাপূজায় মোট ৫ দিনের ছুটি পাচ্ছেন দেশের মানুষ।






















