খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেটসহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ অক্টোবর) ভোররাতে জেলার সীমান্তবর্তী জানমারাটিলা ডাউন এলাকায় ৩২ বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬২/২৬-এস সংলগ্ন এলাকা দিয়ে অবৈধ বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক পাচারের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে মনোরমের টিলা টিওবি থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে জানমারাটিলা ডাউন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দূর থেকে পাহাড়ি গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তা জব্দ করে বিজিবি। বস্তাগুলো তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় বিভিন্ন ধরনের ৩১ বোতল মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ভারতীয় মনো সিগারেটের ৪৭ কার্টন পাওয়া যায়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা। খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীবের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।






















