জুলাই ও আগস্ট-২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এসব কর মেয়াদের রিটার্ন জমা দেওয়া যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো জরিমানা আরোপ করা হবে না। বৃহস্পতিবার (১ অক্টোবর) এনবিআরের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭ অনুযায়ী ভ্যাট রিটার্ন দাখিলের সংশোধিত বিধানে তিন কর মেয়াদ সমাপ্ত হওয়ার পর রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন ইভ্যাট (ই-ভ্যাট) ব্যবস্থায় দাখিল করেনি। এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন দাখিলের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্ন ইভ্যাট ব্যবস্থায় অবশ্যই দাখিল করতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।





















