সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। শুরুতে পুলিশ সুপার সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে সবার মতামত শোনেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে স্ব-স্ব পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, পূজামণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন। এ ছাড়া কোথাও কোনো সমস্যা হলে দ্রুত জেলা পুলিশের হটলাইন নম্বরে অবহিত করার জন্য তিনি সবাইকে পরামর্শ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অফিসার ইনচার্জসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।



















