শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, সৃজনশীলতার বিকাশ এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনায় উৎসাহিত করার লক্ষ্যে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মেলায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা সৌরবিদ্যুৎ, পরিবেশ দূষণ রোধ, বৃষ্টির পানি সংরক্ষণ, স্মার্ট কৃষি, স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন বিষয়ের প্রায় ৫০টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে। শিক্ষার্থীরা নিজেদের তৈরি মডেল ও উদ্ভাবনী ধারণা দর্শনার্থীদের সামনে তুলে ধরে।
সকালে আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মেলার উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের তৈরি প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে নতুন নতুন উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বইয়ে পড়া বৈজ্ঞানিক জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ পেয়ে তারা আনন্দিত। শিক্ষকরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কৌতূহল, যুক্তিবোধ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিন শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা প্রকল্পগুলো নির্বাচিত করা হয়। একটি পরিচ্ছন্ন, স্মার্ট ও টেকসই বাংলাদেশের মডেল তৈরি করে অষ্টম শ্রেণির ছাত্রীরা প্রথম স্থান অধিকার করে।
গ্যাস ডিটেক্টর, কার্বন পিউরিফায়ার এবং নবায়নযোগ্য শক্তিচালিত সামাজিক ভূমি তৈরি করে সপ্তম শ্রেণির ছাত্ররা দ্বিতীয় স্থান অর্জন করে। আর পরিবেশ দূষণের সমাধান তুলে ধরে তৃতীয় স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা। মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন পাবনার সামছুলহুদা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা গুলে জান্নাত কনা, শহিদ এম. মনসুর আলী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোকাদ্দেস আলী এবং রাধানগর মজুমদার একাডেমির সহকারী শিক্ষক সুমন পারভেজ।
বিচারকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে এ ধরনের বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনের সমস্যা চিহ্নিত করে তার বৈজ্ঞানিক সমাধান খোঁজার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান আরও সমৃদ্ধ হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।
সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।



















