জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয় পরিষ্কার করার সময় পলিথিনে মোড়ানো একটি চিরকুট পাওয়া গেছে। উক্ত চিরকুটটি খোলার পর সেখানে চার বিএনপি নেতার নাম উল্লেখ করে তাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি জানা যায়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করেছে পুলিশ। দলীয় নেতাকর্মীরা জানান, সন্ধ্যায় রায়কালী বাজারের বিএনপি কার্যালয় পরিষ্কার করছিলেন দলীয় কর্মী মোজাম্মেল হক মোজাম। এ সময় সেখানে একটি খাম পড়ে থাকতে দেখেন তিনি। খাম খুলে পলিথিনে মোড়ানো একটি চিরকুট পাওয়া যায়। লাল কালি দিয়ে লেখা ওই চিরকুটে চার নেতার নাম উল্লেখ করে বলা হয়েছে—‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।
’ চিঠিতে যাদের নাম রয়েছে তারা হলেন-রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা হেলাল হোসেন এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম। তবে চিঠিটি কারা লিখেছে কিংবা কী উদ্দেশ্যে দলীয় কার্যালয়ে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, চিঠিতে আমারসহ চারজনের নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। লাল কালি দিয়ে লেখার বিষয়টিও সন্দেহজনক। আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছি। এ কারণে কেউ ঈর্ষা থেকে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ বলেন, ‘চিঠি দিয়ে এভাবে হত্যার হুমকি দেওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি।
বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু বলেন, কার্যালয় পরিষ্কার করার সময় কর্মী মোজাম্মেল হক মোজাম চিঠিটি পান। পরে পুলিশ এসে সেটি নিয়ে গেছে। এটি সত্যিকারের হুমকি, নাকি কেউ মশকরা করে করেছে-তদন্তে সেটিও বেরিয়ে আসা দরকার। আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করেছে।
ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















