টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের ওয়েবসাইটে ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পের সঙ্গে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই পাঁচটি ক্ষেত্রে মূল্যায়ন করা হয়েছে।
এর মধ্যে গুরুত্বপূর্ণ ‘গুণগত শিক্ষাদান’ সূচকে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাকৃবি। এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়েও ধারাবাহিক সাফল্য পেয়েছে গাকৃবি।
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। এ ছাড়া সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে গাকৃবি। একই র‌্যাঙ্কিংয়ে এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ১০১-২০০-এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এ ছাড়া THE ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম হয়েছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি। র‌্যাঙ্কিংয়ে এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গাকৃবির ধারাবাহিক অগ্রগতি বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।
বিশেষ করে গুণগত শিক্ষাদানে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপাচার্য আরও বলেন, ‘র‌্যাঙ্কিং আমাদের কাছে শুধু অবস্থান বা স্বীকৃতির বিষয় নয়, বরং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মান আরও উন্নত করার একটি দর্পণ। গাকৃবিকে বিশ্বমানের কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।



















