অভিনয়কে আমি ভালোবাসতে চাই, বিরক্তি আনতে চাই না, তাই নাটক করা বাদ দিয়েছি। আমি সবসময় সাধারণ দর্শকের অভিনেত্রী হতে চাই—ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নাটকের আঙিনা থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া প্রসঙ্গে এভাবেই বলেছেন।
গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে শুধু অর্থ উপার্জনের জন্য ক্যামেরা রানিং করা নয়, বরং একজন সত্যিকারের শিল্পী হিসেবে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতেই তার এই সিদ্ধান্ত। ছোট পর্দায় একসময় নিয়মিত দেখা মিলত ভাবনার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নাটকের দ্রুতগতির নির্মাণ প্রক্রিয়া এবং যান্ত্রিকতা তাকে ক্লান্ত করে তুলেছিল। তিনি জানান, অত্যন্ত কম সময়ে তাড়াহুড়ো করে একের পর এক দৃশ্য ধারণের যে সংস্কৃতি বর্তমান নাটকে তৈরি হয়েছে, সেখানে একজন অভিনেত্রীর নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার বা অভিনয়কে চর্চা করার কোনো সুযোগ থাকে না।
অভিনয়কে মনের গভীর থেকে ভালোবেসেই তিনি এই পেশায় এসেছিলেন, কিন্তু যান্ত্রিকতার কারণে সেই ভালোবাসার জায়গায় যেন বিরক্তি ভর না করে, সেই ভাবনা থেকেই তিনি নাটক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। ভাবনা সবসময় নিজেকে একজন সুউচ্চ আসনের তারকা হিসেবে নয়, বরং সাধারণ দর্শকের একজন প্রিয় অভিনেত্রী হিসেবে দেখতে চান। তিনি চান সাধারণ দর্শক যেন তার অভিনয় দেখে মুগ্ধ হন, তার চরিত্রের সঙ্গে নিজেদের সুখ-দুঃখ মেলাতে পারেন।
কেবল গ্ল্যামারের পেছনে না ছুটে, ভাবনার লক্ষ্য এখন বৈচিত্র্যময় ও শক্তিশালী চরিত্রের মাধ্যমে প্রতিটি দর্শকের মনের মণিকোঠায় স্থায়ী আসন তৈরি করা। ভাবনা বলেন, ‘আমি যখন নাটক শুরু করি তখন থেকেই ভালো নির্মাতাদের কাজ কমতে শুরু করে। এখন অনেকেই কাজ করছেন। বর্তমানে কাজের ধরনও বদলে গেছে। নাটকের প্রতি আগ্রহ হারিয়েছি কাজ ভালো হচ্ছে না, তার জন্য না।
আমি শুধু টাকার জন্য অভিনয় করি না। নাটকে অনেক টাকা উপার্জন হয়। তবে আমি যেভাবে অভিনয় দেখি, করতে চাই; সেভাবে নাটকে প্র্যাকটিস করা সম্ভব নয়। যে কারণে নাটক থেকে দূরে সরে আসি। দুই দিন শুটিং করে নাটক থেকে অনেক টাকা উপার্জন হয় এ ছাড়া কিছুই হয় না। নিজেকে প্রতিদিন নাটকে দেখাতে চাইনি। নাটক ছেড়ে জামিল আহমেদের অভিনয়ের কোর্সে ভর্তি হয়েছিলাম।
অভিনয়কে আমি ভালোবাসতে চাই, বিরক্তি আনতে চাই না, তাই নাটক করা বাদ দিয়েছি। ’ তিনি আরও বলেন, ‘আমি সবসময় সাধারণ দর্শকের অভিনেত্রী হতে চাই। যখন নাটক করি তখনো বেছে বেছে কাজ করেছি। অনেক বাণিজ্যিক সিনেমায় কাজ করতে চাই। সেই জায়গা থেকে যাযাবর সিনেমায় যুক্ত হয়েছি। এখন প্রচুর বাণিজ্যিক সিনেমায় কাজ করব। প্রচুর সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছি, সাইনও করেছি অনেকগুলো।
’ নাটক ছাড়লেও অভিনয় থেকে মোটেও দূরে সরছেন না ভাবনা। ওটিটি এবং চলচ্চিত্রের বড় ক্যানভাসে তিনি এখন নিজেকে নতুন করে প্রমাণ করছেন। ইতোমধ্যে ‘ভয়ংকর সুন্দর’, ‘লাল মোরগের ঝুটি’র মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করে তিনি নিজের জাত চিনিয়েছেন। এই মুহূর্তে তানভীর হাসান পরিচালিত ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন।
এতে তার সহশিল্পী আব্দুন নূর সজল। মুক্তির অপেক্ষায় আছে তার ‘যাপিত জীবন’। আসছে নভেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এ ছাড়াও প্রস্তুত আছে ‘ঢাকা ১২০৫’, ‘পায়েল’, ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমাগুলো।


















