নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে চিটাগাং রোডের ১০ তলা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ডিভাইডারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। হাইওয়ে পুলিশের শিমরাইলের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জুলহাস মিয়া জানান, দুর্ঘটনাস্থলের পাশেই একটি ফুটওভার ব্রিজ রয়েছে। সেটি ব্যবহার না করে ওই নারী ডিভাইডারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটিকেও শনাক্ত করতে কাজ করছে হাইওয়ে পুলিশ।


















