দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা (ইএ-৩)–এর শেষকৃত্য রাঙ্গামাটি জেলার নিজ গ্রামে যথাযোগ্য সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান এবং মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই সাহসী নৌসদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
তাঁর মৃত্যুতে নৌবাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নৌবাহিনী জানায়, গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যানএফএমইউ-১১–এ কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ট্রোম্যান খীসা। পরে ভারতীয় ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাতিসংঘ মিশনে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ মহাসচিবের পক্ষে বিশেষ প্রতিনিধি ও দক্ষিণ সুদানে নিয়োজিত শান্তিরক্ষা মিশনের প্রধান তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাঁর মরদেহ ঢাকায় আনা হয়। পরে পৈতৃক নিবাস রাঙ্গামাটির নানিয়ারচরে নেওয়া হলে সোমবার বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয় এবং আত্মার শান্তি কামনা করা হয়। শেষকৃত্যে নৌবাহিনীর কর্মকর্তা, সামরিক ও বেসামরিক সদস্য, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সহকর্মী, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে ট্রোম্যান খীসার স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ এবং মেডেল তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ট্রোম্যান খীসা ১৯৮৭ সালের ১৩ জুন রাঙ্গামাটি জেলার নানিয়ারচরের রামহরিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৬ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে যোগদান করেন।


















