ভারতে পাচারের শিকার বাংলাদেশি দুই তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ, বিজিবি ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। এরা খুলনা এবং ময়মনসিংহ জেলার বাসিন্দা। ফেরত আসা দুই তরুণী জানায়, দুই বছর আগে রাতের আধারে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে তারা ভারতের মহারাষ্ট্রে যান।
সেখানে একটি বিউটি পার্লারে কাজ করার সময় পুলিশের হাতে আটক হন। পরে জেল হাজতে পাঠানো হয়। বিচার কার্য শেষে তাদের দুই বছরের জেল হয়। সাজা শেষে মন্ডুয়া গার্লস হোম নামে একটি বেসরকারি এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে নেন। পরে দুদেশের যোগাযোগের মাধ্যমে আজ দেশে ফিরে এসেছি। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, ভারত থেকে ফিরে আসা দুই তরুণীর ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের হেফাজতে নিয়ে পরিবারের কাছে পৌছে দিবে বলে জানা গেছে।



















