বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে যাত্রীদের নিরাপদ পারাপারের জন্য নির্মিত নতুন ফুট ওভারব্রিজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ওভারব্রিজটির উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সান্তাহার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। দীর্ঘদিন ধরে যাত্রীদের প্ল্যাটফর্ম পারাপারে যে ভোগান্তি ছিল, নতুন এই ফুট ওভারব্রিজ তা অনেকটাই দূর করবে। এর ফলে যাত্রীরা নিরাপদ ও সহজে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াত করতে পারবেন। এ উপলক্ষে সান্তাহার জংশন স্টেশন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সান্তাহার শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খাতুনের সভাপতিত্বে এবং ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, জেলা মহিলা দলের সহ-সম্পাদক এইচ এম মুক্তা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নুরে নবী, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, আনারুল ইসলাম লুলু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতারা।
পরে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ফুট ওভারব্রিজটি পরিদর্শন করেন। এ সময় তিনি স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও খোঁজখবর নেন।



















