সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের ১৭ অক্টোবর সিকৃবির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিলেন বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।


















