দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে বৃক্ষরোপণ করেছেন গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীপুর উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে তিনি বেশ কিছু গাছের চারা রোপণ করেন। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় শ্রীপুর উপজেলার বিভিন্ন সড়ক ও ইউনিয়নে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে রোববার দুপুর থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শ্রীপুর উপজেলা হেডকোয়ার্টার থেকে রাজাবাড়ী গ্রোথ সেন্টার হয়ে ডুমনী সড়ক এবং প্রহলাদপুর ও রাজাবাড়ী ইউনিয়নে বৃক্ষরোপণ করার কথা রয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলার সড়ক ও জনপদে সবুজায়ন বাড়ানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে কর্মসূচির সুফল দীর্ঘস্থায়ী হবে।



















