মৌলভীবাজারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মৌলভীবাজার জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মৌলভীবাজার জেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হামিদা পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ একটি স্বৈরাচারী শক্তি। দেশের মাটিতে সেই শক্তিকে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। তাদের আর দেশে ফিরতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তারা। বক্তারা আরও বলেন, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র দেশের জনগণ ও ছাত্রসমাজ সম্মিলিতভাবে প্রতিহত করবে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা রুখে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।





















