পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনোভাবেই রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য পাচার করতে দেওয়া হবে না। চোরাচালান রোধ এবং সঠিকভাবে রাজস্ব আদায়ে প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তনে কাস্টমস কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে কাজ করতে হবে। বেনাপোল দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক স্থলবন্দর এবং সরকারের গুরুত্বপূর্ণ রাজস্ব আহরণের উৎস।
বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এ বন্দর দিয়ে যত বেশি বৈধ পণ্য আমদানি-রপ্তানি হবে, ততই সরকারের রাজস্ব আয় বাড়বে এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে। সভায় ব্যবসায়ীরা বন্দরের বিভিন্ন অনিয়ম, শুল্ক ফাঁকি ও ঘোষণা বহির্ভূত পণ্য আমদানির অভিযোগ তুলে ধরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
একই সঙ্গে বৈধ ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা। জবাবে প্রতিমন্ত্রী বলেন, বন্দরকে ঘিরে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপিত হয়েছে। প্রয়োজনে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শুনে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় কাস্টমসের সহকারী কমিশনার অটল গোস্বামী আমদানি-রপ্তানি ও রাজস্বের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। কাস্টমস কমিশনার ফাইজুর রহমান বলেন, বন্দরে পণ্য ওঠানামার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতির ঘাটতি রয়েছে এবং রপ্তানি কার্যক্রম আরও বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর আগে বিকেল ৫টার দিকে প্রতিমন্ত্রী বেনাপোল পৌর গেটে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেন।
সেখানে তিনি বলেন, স্বল্প সময়ে ১০ হাজার গাছ রোপণের উদ্যোগ প্রশংসনীয় এবং বর্ষা শেষে গাছগুলো বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি পৌর এলাকার রোপিত গাছ পরিদর্শন শেষে উলশী জিয়া খাল ও তালবাগান পরিদর্শনে যান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেরা নাজমুন মুন্নী, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।



















