জনগণের রায় বাস্তবায়ন করতে শেষ পর্যন্ত বিএনপি বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে তা বাস্তবায়নের ক্ষেত্রে দলটি নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে বলেও জানান তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগরা বাইপাসে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, তারা কোনো রাজনৈতিক দলের নিজস্ব দাবি নিয়ে মাঠে নামেননি। জনগণের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যেই তাদের এই কর্মসূচি। তার দাবি, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ রায় দেওয়ার পরও সরকার তা বাস্তবায়ন না করে জনগণকে অপমান করেছে।
সেই ঘটনার প্রতিবাদ জানাতেই তারা কর্মসূচিতে নেমেছেন। লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ, দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারকে উদ্দেশ করে তারা বর্তমানে আট দফা দাবি সামনে রেখেছেন।
তবে জনগণের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় এই আট দফা যেকোনো সময় এক দফার দাবিতে রূপ নিতে পারে। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।
























