চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজ হওয়ার চার দিন পর রিকাবি বেগম (১০৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ে একটি ফসলি জমিতে পানিতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার এক নারী বাড়ির ময়লা পানি ফেলতে গিয়ে ফসলি জমিতে একটি মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্বজনরা এসে মরদেহটি রিকাবি বেগমের বলে শনাক্ত করেন।
তিনি মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে রিকাবি বেগম বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে তার সন্ধান চাওয়া হয়।
নিহতের ছেলে বাচ্চু মিয়া সওদাগর বলেন, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। এর আগেও তিনি কয়েকবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। নিখোঁজের পর চার দিন ধরে তারা মাকে খুঁজছিলেন। মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।



















