কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিমের (সপ্তম শ্রেণি) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার বিকেলে মায়ের আইফোন হাতে নিয়ে বের হন অপ্রতিম। এর পর তাকে আর খুঁজে পায়নি পরিবার। সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ওই দিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। অপ্রতিম নিখোঁজ হওয়ার পর থেকে তাকে উদ্ধারে তৎপর ছিল পুলিশ ও স্বজনেরা।
তার সর্বশেষ অবস্থান শনাক্ত করতে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছিল পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, দক্ষিণ মোড়ের দক্ষিণ দিকের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অপ্রতিমের মৃত্যুর খবরে তার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কীভাবে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।



















