ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে জাতীয় গ্রিডে নতুন করে যুক্ত হচ্ছে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
আজ শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গ্যাস কূপটি উদ্বোধন করেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি দেশবাসীকে আস্বস্ত করতে চাই, জ্বালানি খাতের সরবরাহ ও চাহিদার মধ্যে যে বড় ধরনের একটি ঘাটতি রয়েছে আমরা তা পূরণে কাজ করছি। ২০৩০ এর মধ্যে জ্বালানি অবকাঠামো বাড়ানোর যে পরিকল্পনা নিয়েছি, পরিকল্পনামাফিক কাজ শেষ করতে পারলে আমরা আশা করি সরবরাহ ও চাহিদার মধ্যে ঘাটতি সুন্দরভাবে পূরন করতে পারবে। এতে শিল্প, বিদুৎ ও গৃহস্থালি খাতে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা স্থায়ীভাবে সমাধান হবে।’
আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে তিতাসের ২৯, ৩০ ও ৩১ নম্বর এবং বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর কূপ থেকে আরও প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। সব কূপের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে মোট প্রায় ৬৭ দশমিক পাঁচ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হতে পারে।
বিজিএফসিএল জানায়, প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে খনন করা তিতাস-২৮ নম্বর কূপের কাজ শেষ হয়েছে। উদ্বোধনের পরপরই কূপ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে উৎপাদনে যাবে। কূপটির গভীরতা প্রায় ১৩ হাজার ফুট।
সংশ্লিষ্টরা জানান, গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়। একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে কূপটির খনন করা হয়। গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।




















