জয়পুরহাটের কালাই পৌরসভার নয়টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কালাই পৌরসভার উদ্যোগে ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানকে সামনে রেখে চলমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালাই পৌরসভার ডাকবাংলো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার এবং নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
কালাই পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এ কারণে পৌর এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। পাশাপাশি বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের এলাকায় যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে। ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেলসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং কালাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীররা। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, প্রতি সপ্তাহে একটি করে ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা-আবর্জনা অপসারণ ও মশক নিধন করা হবে।
পৌরসভার নাগরিকদের প্রতি আহ্বান জানাই ডেঙ্গু বিস্তার না করে সেজন্য বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কালাই পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন দেখতে চাই। কালাই পৌরসভায় ডেঙ্গুর প্রাদুর্ভাব তেমন নেই তারপরও সবাইকে সচেতন থাকতে হবে, যেন ডেঙ্গু বিস্তার না করতে পারে।



















