সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির প্রস্তুতি চলছে। ২০২৬ সালে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দিনের সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদ ভিন্ন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার এবং ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় ক্যালেন্ডার অনুযায়ী টানা ছুটির সুযোগ তৈরি হচ্ছে।
এরপর ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজা থাকায় ছুটির মেয়াদ আরও বাড়তে পারে। সব মিলিয়ে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের অবকাশ পাওয়ার সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের চূড়ান্ত সিদ্ধান্তই কার্যকর হবে। একাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজন অনুযায়ী ছুটির তারিখ পরিবর্তনেরও সুযোগ রয়েছে। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজগুলোতে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি রাখা হয়েছে।
তালিকায় শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি বাদ দিলে নির্ধারিত ছুটি ১০ দিন। তবে এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত করলে মোট ১৬ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।
বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে দুর্গাপূজার ছুটির মেয়াদ এক নয়। প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ফলে বিশ্ববিদ্যালয়ভেদে পূজার ছুটির দিনসংখ্যায় পার্থক্য থাকতে পারে।



















