বিএনপির মনোনয়ন পেতে কোথাও তদবির করেননি বলে দাবি করেছেন মডেল, অভিনেত্রী ও রাজনীতিবিদ মেঘনা আলম। বরং বিএনপিতে যোগ দেওয়াই তার ইচ্ছা ছিল এবং এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিজেই ভয়েস বার্তা পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
একই স্ট্যাটাসে দলের পরিচয় ব্যবহার করে বিএনপির সমালোচনা করা এক শ্রেণির কর্মী-সমর্থককে ‘বিএনপির আবর্জনা’ বলে মন্তব্য করেছেন মেঘনা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। স্ট্যাটাসে মেঘনা আলম দাবি করেন, বিএনপির মনোনয়ন নিয়ে তিনি কোথাও তদবির করেননি। বরং দলটিতে যোগ দেওয়াই তার ইচ্ছা ছিল।
এ বিষয়ে তিনি নিজেই তারেক রহমানকে ভয়েস বার্তা পাঠিয়েছেন বলেও উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, মৎস্যজীবী প্রান্তিক মানুষের সংগঠনকে তিনি পুনরুজ্জীবিত করেছেন। প্রস্তাবিত কমিটিতে বিএনপির সাবেক মহাসচিব নিজেই তার নাম স্বাক্ষর করেছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি। ২০২৩-২৪ সালের কোনো কাগজপত্র দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মেঘনা বলেন, তিনি বিএনপির সমর্থক ছিলেন, আছেন এবং থাকবেন।
তবে দলের সঙ্গে যুক্ত থাকার পরিচয় ব্যবহার করে যারা মাঠে বা অনলাইনে বিএনপির পক্ষে কাজ করেন না, অথচ নিয়মিত দলের সমালোচনা করেন, তাদের সমালোচনা করেন মেঘনা। এ ধরনের ব্যক্তিদের তিনি ‘বিএনপির আবর্জনা’ হিসেবে উল্লেখ করেন। নারীদের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন মেঘনা আলম। তিনি বলেন, নতুন বাংলাদেশে বিএনপির সব নারীকে নিরাপদ রাখতে হবে এবং একে অন্যের প্রতি হিংসা করা যাবে না।
নারী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতারও সমালোচনা করেন তিনি।





















