গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় আহত কনস্টেবল আজিমউদ্দিনের হাতের একটি আঙুল কেটে গেছে।
পরে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ও স্বেচ্ছাসেবক দল নেতা সালমান শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সালমানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপর হামলা হয়। হামলায় আহত হয় কনস্টেবল আজিমউদ্দিন। আহত কনস্টেবল আজিমউদ্দিনকে রাত সাড়ে ১২ টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার রায় বলেন, রাতে এক পুলিশ সদস্য আহত হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে আসেন। পরে জানতে পারেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে কনস্টেবল আজিমউদ্দিন আহত হয়েছেন। খবর পেয়ে রাতেই ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ চিকিৎসা দেওয়া হয় আজিমউদ্দিনকে। কোটালীপাড়া থানা ডিউটি অফিসার রাকিব হোসেন জানান, ওয়ারেন্টভুক্ত আসামি সালমানকে (৩০) মঙ্গলবার রাতেই আটক করা হয়।
বুধবার সকাল ১১ টায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সালমান শিকদার উপজেলার কাগডাঙ্গা গ্রামের জাবের শিকদারের ছেলে। এদিকে পুলিশের ওপর হামলার অভিযোগে সালমান শিকদারকে সাংগঠনিকভাবে বহিষ্কার করেছে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা ও সদস্য সচিব মাহমুদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদানের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সালমান শিকদারকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
তবে এর আগেও চুরির অভিযোগকে কেন্দ্র করে দল থেকে বহিষ্কার হয়েছিলেন সালমান। গত বছরের ১৯ জুলাই গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। পরে চলতি বছরের ২২ জানুয়ারি সংসদ নির্বাচনের আগে দলীয় স্বার্থ ও সাংগঠনিক বিবেচনায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে জেলা স্বেচ্ছাসেবক দল।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে আবারও দল থেকে বহিষ্কার হলেন সালমান শিকদার।





















