গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এতে জেলার বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমে স্বস্তি ফিরতে শুরু করেছে।
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন এবং শিল্পকারখানার উৎপাদন পরিস্থিতি জানতে বুধবার জেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। এ সময় তিনি স্প্যারো ফ্যাশন, ডিবিএল গার্মেন্টস, পল্লী বিদ্যুতের জয়দেবপুর গ্রিড এবং তিতাসের আঞ্চলিক বিপণন কেন্দ্র পরিদর্শন করেন।
জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়া ও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এতে শিল্প মালিকদের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর ফলে গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাসের চাপ আগের তুলনায় বেড়েছে এবং বিদ্যুতের লোডশেডিংও কমেছে। সংশ্লিষ্টদের বরাত দিয়ে জেলা প্রশাসন জানায়, গাজীপুরের শিল্পকারখানায় গ্যাসের চাহিদা প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে আগে প্রায় ২৬০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হলেও বর্তমানে তা প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, শিল্পখাতের উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিল্পের স্বার্থে বর্তমান পরিস্থিতি আরও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম অব্যাহত রাখা হবে। তিনি আরও বলেন, গ্যাসের চাপ, বিদ্যুৎ সরবরাহ, লোডশেডিং এবং শিল্পকারখানার উৎপাদন পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানায়, গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। তৈরি পোশাক, ডায়িং, স্পিনিং, টেক্সটাইলসহ বিভিন্ন খাতের বিপুলসংখ্যক শিল্পকারখানা এ জেলায় রয়েছে। এসব প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ গুরুত্বপূর্ণ। শিল্প মালিকরা চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
তাদের মতে, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে উৎপাদন বাড়বে, উৎপাদন ব্যয় কমবে এবং শিল্পখাতে ক্ষতির পরিমাণও কমে আসবে। গাজীপুর জেলা প্রশাসন জানিয়েছে, শিল্পখাতের স্বার্থে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।





















