চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে প্রকাশিত আইন বিষয়ক বই ‘আইনের আলো’-এর মোড়ক উন্মোচন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজকোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল আবেদীন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবীব এবং চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিরা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আমরা অনেক সময় আইনকে খুব কঠিন বিষয় হিসেবে দেখি। কিন্তু বাস্তব জীবনে আমাদের নানা ধরনের আইনি সমস্যার মুখোমুখি হতে হয়। তিনি বলেন, কারও মোবাইল ফোন চুরি হলে কী করণীয়, পুলিশি হয়রানির শিকার হলে কোথায় যেতে হবে, কেউ ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য প্রচার করলে কীভাবে প্রতিকার পাওয়া যায় কিংবা জায়গা-জমি নিয়ে সমস্যা হলে কী ধরনের আইনি পদক্ষেপ নিতে হবে—এসব বিষয়ে একজন সাধারণ নাগরিকের মৌলিক ধারণা থাকা প্রয়োজন।
উপাচার্য বলেন, এই বইটি সেই জায়গায় শিক্ষার্থীদের জন্য এক ধরনের ‘ফার্স্ট এইড অব ল’ হিসেবে কাজ করতে পারে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আইন সম্পর্কে প্রাথমিক জ্ঞান ও সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সকলের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান।
শিক্ষা ও গবেষণায় মানসম্মত একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। চাকসু সূত্রে জানা যায়, ‘আইনের আলো’ বইটিতে সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের আইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পাশাপাশি মৌলিক আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। দৈনন্দিন জীবনে উদ্ভূত বিভিন্ন আইনি বিষয়ে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় ক্ষেত্রে করণীয় সম্পর্কে ধারণা দেওয়াই বইটির অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।



















