রাজধানীর বাড্ডা ও বনানী থানা এলাকায় পৃথক দুটি ঘটনায় এক অটোরিকশা চালক ও এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় এ দুটি ঘটনা ঘটে। বনানী থানাধীন কড়াইল জামাই বাজার এলাকার এরশাদ মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে সিরাজুল ইসলাম (৪৩) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি নরসিংদী জেলার বেলাবো থানার বীরবাঘবের গ্রামের মৃত কালু মিয়ার ছেলে। পরিবার নিয়ে ওই বাসায় থাকতেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিহতের বড় ভাই মো. নজরুল ইসলাম জানান, সিরাজুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার সময় তার স্ত্রী বাইরে একটি রেস্টুরেন্টে কাজে ছিলেন। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। একই দিন সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে উত্তর বাড্ডা স্বাধীনতা সরণি এলাকার একটি ভাড়া বাসা থেকে চাঁদনী আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ওলিপুর গ্রামের মেয়ে। স্বামী রিয়াজ উদ্দিন ও চার বছরের মেয়েকে নিয়ে ওই এলাকায় থাকতেন।
নিহতের স্বামী রিয়াজ উদ্দিন জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে মনোমালিন্য হতো। ঘটনার দিন সামান্য কথাকাটাকাটির পর এ ঘটনা ঘটে। তিনি বলেন আমার স্ত্রী অনেক অভিমানী। তাকে কোন‌ কথা বলাই যেতনা । কিছু বললেই রাগ করে বসতো। প্রচন্ড অভিমান থেকেই সে এমন পথ বেছে নিয়েছে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারা আক্তার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



















