নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। গতকাল ভোরে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। উত্তরার ১২ নম্বর সেক্টরে জানাজা সম্পন্ন হওয়ার পর তাকে দাফন করা হয়েছে। সজীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নির্মাতা রাফাত মজুমদার রিংকু জানান, তিনি হৃদরোগের সমস্যায় ভুগছিলেন।
কিছুদিন আগে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ভোরে হঠাৎ অসুস্থ হয়ে যান, বাসায় ডাক্তার নিয়ে আসা হয়। ডাক্তার জানান, তিনি মারা গেছেন। সজীবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও অভিনয়শিল্পীরা। নির্মাণশৈলীর জন্য পরিচিতি পেয়েছিলেন সজীব। তিনি নিজেই গল্প লিখতেন এবং তাতে নাট্যরূপ দিতেন।
সজীবের নির্মিত নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আঁধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দুজন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুলবাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’সহ আরও অনেক।


















