হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও ও ভিডিও কলে যুক্ত হওয়ার সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে অ্যাপ বা অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিরাও একটি লিংকে ক্লিক করে ওয়েব ব্রাউজারের মাধ্যমে কলে অংশ নিতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো জানিয়েছে, নতুন সুবিধাটি হোয়াটসঅ্যাপের বিদ্যমান ‘গেস্ট চ্যাট’ ব্যবস্থার মতো কাজ করবে। কলের লিংক তৈরি করে তা বার্তা, ই-মেইল কিংবা অন্য কোনো মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঠানো যাবে। এ জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ‘কলস’ ট্যাব থেকে কলের লিংক তৈরি করতে হবে। এরপর অডিও বা ভিডিও কলের ধরন নির্বাচন করে লিংকটি পাঠানো যাবে।
প্রাপক লিংকে ক্লিক করলে ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপের কলের পর্দা চালু হবে এবং সেখান থেকেই কলে অংশ নেওয়া যাবে। কলের আয়োজক চাইলে নতুন অংশগ্রহণকারী যুক্ত করতে কিংবা কাউকে বাদ দিতে পারবেন। প্রয়োজন হলে পুরো কলও বন্ধ করে দেওয়া যাবে। অ্যাকাউন্ট ছাড়াই কলে যুক্ত হওয়া অতিথিদের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন সুবিধা থাকার কথা রয়েছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কল করতে উভয় পক্ষের অ্যাপ ও অ্যাকাউন্ট প্রয়োজন হয়। নতুন সুবিধা চালু হলে ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। সুবিধাটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। ফলে এটি কবে সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ নির্দিষ্ট কোনো সময় জানায়নি।



















