টেলিভিশনে সিনেমা বা সিরিজ দেখার সময় পর্দায় থাকা পোশাক, ঘরের সাজসজ্জা কিংবা অন্যান্য পণ্য কেনার সুযোগ আরও সহজ করতে নতুন সুবিধা চালু করছে অ্যামাজন। প্রতিষ্ঠানটি প্রাইম ভিডিওতে থাকা হাজারো সিনেমা, সিরিজ ও সরাসরি সম্প্রচারিত খেলাধুলার অনুষ্ঠানের সঙ্গে কেনাকাটার সুবিধা যুক্ত করছে।
নতুন ব্যবস্থায় প্রাইম ভিডিওর ‘এক্স-রে’ সুবিধার মধ্যেই ‘শপ’ ট্যাব যুক্ত করা হবে। ফায়ার টিভির রিমোটে ওপরের বোতাম চাপলে এক্স-রে চালু হবে এবং সেখান থেকে দর্শকরা বর্তমানে দেখা অনুষ্ঠানটির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পণ্য দেখতে পারবেন। এরপর অ্যামাজন শপিং অ্যাপ খুললে চলমান অনুষ্ঠানটি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হয়ে সংশ্লিষ্ট পণ্যের তালিকা দেখাবে।
এর আগে ‘শপ দ্য শো’ নামে একটি সুবিধা চালু করেছিল অ্যামাজন। তবে সেটি ব্যবহার করতে শপিং অ্যাপে গিয়ে নির্দিষ্টভাবে ‘শপ দ্য শো’ লিখে সার্চ করতে হতো। নতুন ব্যবস্থায় সেই ধাপের প্রয়োজন হবে না। সিনেমা বা সিরিজ দেখার সময় অ্যামাজন শপিং অ্যাপ খুললেই সংশ্লিষ্ট অনুষ্ঠানের পণ্যভিত্তিক পেজ সামনে আসবে। এ ছাড়া ‘শপ দ্য সিন’ নামে নতুন একটি সুবিধাও চালু করেছে অ্যামাজন।
এতে পর্দায় থাকা কোনো দৃশ্যের ছবিতে ট্যাপ করলে অ্যামাজনের ‘লেন্স’ প্রযুক্তি ছবিটি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বা একই ধরনের পোশাক, আসবাব ও অন্যান্য পণ্য খুঁজে দেবে। তবে সব ক্ষেত্রে হুবহু একই পণ্য পাওয়া যাবে না। বিশেষ করে উচ্চমূল্যের ব্র্যান্ড বা হাতে তৈরি পোশাকের ক্ষেত্রে কাছাকাছি পণ্য দেখানো হতে পারে। যুক্তরাষ্ট্রে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘শপ দ্য সিন’ সুবিধাটি ইতোমধ্যে চালু হয়েছে।
এটি ৬০০টির বেশি শিরোনামে কাজ করছে। পাশাপাশি অ্যামাজনের ‘শপ দ্য শো’ সুবিধা ১ হাজার ৩০০টি শিরোনাম থেকে বাড়িয়ে ৮ হাজারের বেশি সিনেমা, সিরিজ ও অন্যান্য কনটেন্টে সম্প্রসারণ করা হচ্ছে। এর মধ্যে প্রাইম অরিজিনালস, নির্বাচিত লাইসেন্সপ্রাপ্ত কনটেন্ট এবং সরাসরি সম্প্রচারিত খেলাধুলার অনুষ্ঠানও রয়েছে।



















