রাজধানীর শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক আগামী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রোববার বিকেলে শাহবাগে শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্প এলাকায় পূবালী ব্যাংক পিএলসির ‘শিশু পার্ক শাখা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কটির অবশিষ্ট কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পটির ভৌত অগ্রগতি ৩০ শতাংশ।
শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড কেনার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। তিনি বলেন, ‘এই রাইডগুলোই পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা শিশুদের একটি আধুনিক পার্ক উপহার দিতে পারব। ’ ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রমের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অংশ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান মো. আবদুস সালাম। একই সঙ্গে কোথাও যেন টানা তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, নাগরিক সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান উপায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এ সময় ডিএসসিসি ও পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















