ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টাকালে দালাল চক্রের এক সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।
আনসার সূত্র জানায়, হাসপাতালের দ্বিতীয় তলার সিসিইউ-২ (CCU-2) ইউনিট থেকে ভর্তি রোগীদের উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দালাল চক্রের সদস্যরা। বিষয়টি নজরে এলে ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হকের নেতৃত্বে আনসার সদস্যরা অভিযান চালান। অভিযানে কর্তব্যরত আনসার সদস্য অনিক বসু দালাল চক্রের সক্রিয় সদস্য মো. সোহাগ হোসেন (২০)-কে হাতেনাতে আটক করেন। এ সময় আনসার সদস্য মো. রুবেল হোসেন ও সাইফুল ইসলাম দায়িত্ব পালন করেন। আটক সোহাগ হোসেন মোহাম্মদপুর থানার চাঁদের হাট মাঠ এলাকার মো. হীরা আলীর ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আটক সোহাগ হোসেনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ আনসার জানিয়েছে, হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দালালদের প্রতারণা থেকে সুরক্ষা দিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















