নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে এবং রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা আনতে পাঁচটি ব্যাংকের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ডিএসসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিবদ্ধ ব্যাংকগুলো হলো— ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি এবং জনতা ব্যাংক পিএলসি।
চুক্তির আওতায় এসব ব্যাংক ডিএসসিসি এলাকার হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফিসহ অন্যান্য ফি অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে সংগ্রহ করবে। এতে নাগরিকদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া ডিএসসিসির অন্যতম লক্ষ্য।
সেবা গ্রহণ ও রাজস্ব পরিশোধ যত সহজ হবে, নগরবাসীর সঙ্গে সিটি কর্পোরেশনের সম্পৃক্ততাও তত বাড়বে। তিনি জানান, বর্তমানে ডিএসসিসিতে নিবন্ধিত হোল্ডিংয়ের সংখ্যা প্রায় ২ লাখ ৯০ হাজার, যা প্রকৃত সংখ্যার তুলনায় কম। করের হার বৃদ্ধি না করে নতুন নতুন হোল্ডিংকে করের আওতায় এনে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনা আরও দক্ষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে তিনি ব্যাংকগুলোর প্রতি সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ডিএসসিসির সংগীত বিদ্যালয়, পাঠাগার, ব্যায়ামাগার, পাবলিক টয়লেট, খেলার মাঠ ও নগরের নান্দনিকতা উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাঁচটি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

















