মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিজয় মোদক (২৫) ও বিপুল দেব (৪৫)। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন পুরাতন হাসপাতাল রোডের দীপ কম্পিউটার অ্যান্ড কার্ড সেন্টারের সামনে এক ব্যক্তি বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে খবর পায় ডিবি পুলিশ।
পরে রাত সাড়ে ৭টার দিকে এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বিজয় মোদককে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো ৩৭৫ মিলিলিটারের ছয় বোতল ROYAL GRAIN WHISKY উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে বিজয় মোদক পুলিশকে জানান, মৌলভীবাজার পৌরসভার পশ্চিমবাজার খেয়াঘাট রোডের সাকের ও জালাল ভবনের তৃতীয় তলায় মা দুর্গা শঙ্খ ভান্ডারের গোডাউনে বিক্রির উদ্দেশ্যে আরও বিদেশি মদ রাখা হয়েছে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে গোডাউনের মালিক বিপুল দেবকে গ্রেপ্তার করা হয়। পরে বিজয় মোদক ও বিপুল দেবের দেখানো মতে গোডাউনে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ক্যারেট থেকে ৩৭৫ মিলিলিটারের ১০ বোতল ROYAL GRAIN WHISKY ও ১৫ বোতল ROYAL STAG WHISKY এবং একটি টিনের ট্রাংক থেকে ১৪ বোতল MAGIC MOMENTS GRAIN VODKA উদ্ধার করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ৪৫ বোতল মদের প্রতিটির পরিমাণ ৩৭৫ মিলিলিটার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার বিজয় মোদক ও বিপুল দেব ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে আনতেন। পরে পরস্পরের সহযোগিতায় সেগুলো বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করতেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার বিজয় মোদক মৌলভীবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেরিরচর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
অপরদিকে বিপুল দেব সদর উপজেলার ৮ নম্বর কনকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য এনে মৌলভীবাজার শহরে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।
























