অর্থের পেছনে না ছুটে পেশাদারিত্ব, নীতি-নৈতিকতা এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সবকিছু টাকার মানদণ্ডে পরিমাপ না করে সমাজ ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা রেখে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর পান্থপথে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে প্রায় ১৮ হাজার আইনজীবী রয়েছেন। তবে তাদের মধ্যে কতজন মানসম্পন্ন আইনজীবী, তা নিয়ে সংশয় রয়েছে। এটি একটি তিক্ত বাস্তবতা। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে ১৮ হাজার আইনজীবী, অথচ তাদের মধ্যে ভালো আইনজীবী কয়জন—তা জানার উপায় নেই। এটিই তিক্ত বাস্তবতা। ’ দুর্নীতির হাতছানি থেকে দূরে থেকে আইন পেশার মর্যাদা সমুন্নত রাখার জন্য নতুন আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি। আইনমন্ত্রী বলেন, দেশে নতুন আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির উপযোগী ও সুনির্দিষ্ট প্রশিক্ষণের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। এই ঘাটতি পূরণ এবং আইন পেশার মান উন্নত করতে বর্তমান সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, এরই অংশ হিসেবে আইনজীবীদের পেশাগত প্রশিক্ষণের জন্য ইতোমধ্যে ৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।






















