যশোরের শার্শা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বৃহস্পতিবার রাতে শার্শার পাচঁভূলোট সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এ অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিজিবি অধিনায়ক বলেন, দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি এই পিস্তলের মূল্য এক লাখ টাকা এবং ম্যাগাজিনের মূল্য পাঁচ হাজার টাকা। আটককৃত অস্ত্র এবং ম্যাগাজিন শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।




















