পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ সাজ্জাদ উজ্জামান রিন্টু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত রিন্টু দক্ষিণ রাঘবপুর জলিল হাজী রোড এলাকার মৃত আব্দুর রাজ্জাক পান্নার ছেলে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল দক্ষিণ রাঘবপুর মহল্লার মেসার্স ওসামা ফিলিং স্টেশনের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সাজ্জাদ উজ্জামান রিন্টু পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিন্টু বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে পাবনা শহরের বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।




















