আর্থিক সংকটে মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিলাপ করতে না পারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের এক মাস্টার্স শিক্ষার্থী কয়েক বছর আগে বাবাকে হারানোর পর চরম আর্থিক সংকটে পড়েন। টিউশনি না থাকায় আয়ের পথও প্রায় বন্ধ হয়ে যায়। ফলে মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিলাপের নির্ধারিত অর্থ জোগাড় করা তার জন্য অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীর সংকটের কথা জানতে পেরে তরিকুল ইসলাম তারিক নিজের বাইক রাইড শেয়ারিং করে উপার্জিত অর্থ থেকেই তার ফর্ম ফিলাপের সম্পূর্ণ টাকা পরিশোধ করেন।
কোনো প্রচার বা আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি এ সহায়তা করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তারা জানান, একজন শিক্ষার্থীর স্বপ্ন যেন অর্থাভাবে থেমে না যায়—এই মানবিক দায়বোধ থেকেই তারিক বিষয়টিকে ব্যক্তিগত দায়িত্ব হিসেবে নিয়েছিলেন। সহপাঠীদের ভাষ্য, বর্তমান সময়ে অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র অর্থাভাবে উচ্চশিক্ষায় বাধার মুখে পড়েন।
এমন সময়ে একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। এ বিষয়ে তরিকুল ইসলাম তারিক বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাক, এটা আমি কখনোই চাই না। আমি নিজেও সংগ্রামের পথ পেরিয়ে এসেছি। তাই সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। ছেলেটির সমস্যার কথা জানতে পেরে মনে হয়েছে, এটা আমার দায়িত্ব।
বিশ্ববিদ্যালয়জুড়ে ঘটনাটি ইতোমধ্যে ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে। অনেকের মতে, রাজনীতির প্রকৃত মূল্যায়ন পদবিতে নয়; বরং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর মধ্যেই একজন ছাত্রনেতার পরিচয় ফুটে ওঠে।






















