রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এটি চলতি বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ৮২২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ৬শটির বেশির লক্ষ্যবস্তু ছিল মস্কো।
ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুদামেও আগুন ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইউক্রেনের দাবি, সাম্প্রতিক কয়েক সপ্তাহে প্রতিষ্ঠানটির ১০টি বৃহত্তম লজিস্টিক সেন্টারের মধ্যে ৭টি অকার্যকর হয়ে পড়েছে। তবে ওয়াইল্ডবেরিজের গুদামগুলো সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে, ইউক্রেনের এমন অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন।
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভেও রাতভর রুশ হামলার খবর পাওয়া গেছে। হামলায় একটি বাজারে কয়েকশ দোকান ও স্টল আগুনে পুড়ে ধ্বংস হয়েছে। রুশ হামলায় এ পর্যন্ত ৮ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছে।




















