সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত নারী চালক ও নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত মহিলা বাস সার্ভিস চালু হতে যাচ্ছে।
আগামী ১৮ আগস্ট, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা। বিআরটিসি জানিয়েছে, নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টরদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে ১৮ আগস্ট সকাল ১০টায় বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস পরিচালনা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।






















