চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বন্দরের স্থানীয় জলসীমায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম সংঘর্ষের বিষয়টি রূপালী বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, মোটর ট্যাংকার সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার সান শাইন এর মধ্যে এ সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, বন্দরের টাগবোটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন। জাহাজ দুটির অবস্থা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করা হচ্ছে। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বহির্নোঙরে অবস্থানরত একটি মাদার ভেসেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আরেকটি মাদার ভেসেলকে সজোরে ধাক্কা দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ডের একটি উদ্ধার ও পরিদর্শনকারী দল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বন্দর সচিব আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি। দুর্ঘটনার কারণ এবং জাহাজ দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। উদ্ধার কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

















