খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৭৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। মারা যাওয়া দুজনই খুলনা জেলার বাসিন্দা। জেলাভিত্তিক হিসাবে, নতুন রোগী ভর্তির সংখ্যায় খুলনা জেলা শীর্ষে রয়েছে।
গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর বাগেরহাটে ২৮ জন, নড়াইলে ৪ জন, মেহেরপুরে ২ জন এবং কুষ্টিয়ায় একজন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ১৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২ হাজার ৭৭৭ জন বাড়ি ফিরেছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত ৩৭ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে বিভাগে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা জেলায় আরও ২ জন এবং বাগেরহাটে একজন মারা গেছেন।
















