যশোরে কথিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও একাধিক মামলার আসামি সাইদুজ্জামান ওরফে ‘দাতাল বাবু’ ও তার প্রধান সহযোগী রতন গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টার দিকে সদর উপজেলার ঝুমঝুমপুরে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই অলোক কুমার দে পিপিএমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও উপশহর ফাঁড়ির সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান। গ্রেপ্তার সাইদুজ্জামান আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে। রতন পুরাতন কসবা, কাজীপাড়া-কাঁঠালতলা এলাকার মোরশেদ ইমাম বকুলের ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সাইদুজ্জামান আরবপুর এলাকার কথিত ‘ত্রাস’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আরবপুর এলাকায় তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে। তাদের আটকের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোও যাচাই-বাছাই করা হচ্ছে।


















