নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাতের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট দিবাগত রাতে উপজেলার কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ছিনতাই ও মাদকের স্পট থেকে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, র‌্যাব-১১-এর অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহণে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।


















