সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নিহতদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি (ভার্চুয়ালি), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিমাবিহ এবং বাংলাদেশ বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সভায় নিহতদের মরদেহ দ্রুত শনাক্তকরণ, দেশে ফিরিয়ে আনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
শনাক্তকরণ সম্পন্ন হওয়ার পর সৌদি আরবের আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে আনা এবং হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী, নিহত ১৬ জনের প্রত্যেক পরিবারের জন্য এককালীন বিশেষ মানবিক অনুদান প্রদান করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রতিটি পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সরকার এই মর্মান্তিক ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাদের এই কঠিন সময়ে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।






















